উত্তরদিনাজপুর

তিন মেয়েকে বিষ মেশানো চা খাইয়ে আত্মঘাতী মা

নিজের তিন মেয়েকে বিষ খাইয়ে আত্মঘাতী হলেন মা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার শিকারপুরের লালগছ গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মায়ের নাম আতেনুর নেশা(৬০)। গুরুতর অসুস্থ অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিন মেয়ে সৈমনি নেশা, আনেগুল নেশা ও সঞ্জীলা নেশা। প্রাথমিকভাবে জানা গেছে, অভাবের তাড়নায় এই কাজ করেছেন তিনি।
            জানা গেছে, চাকুলিয়া থানার শিকারপুরের লালগছ গ্রামের বাসিন্দা কৈতর আলির সঙ্গে বিয়ে হয় আতেনুর নেশার। ২০ বছর আগে অসুস্থতার কারণে মারা যান কৈতর আলি।স্বামী মারা যাওয়ার পর থেকে আতেনুর নেশা তিন মেয়েকে নিয়ে অভাবের দিন কাটাচ্ছিলেন। তিন মেয়েই বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছিল। একদিকে সংসার চালানো, অন্যদিকে মেয়েদের বিয়ে। দুশ্চিন্তা সঙ্গে করে দিনমজুরের কাজ করে সংসার চালাচ্ছিলেন আতেনুর নেশা। অভাবেই দিন কাটছিল তাদের। তা আর সহ্য করতে না পেরে সোমবার চায়ের সঙ্গে বিষ মিশিয়ে তিন মেয়েকে খাইয়ে দেন। পরে তিনি নিজেও বিষ খান।
            স্থানীয় বাসিন্দারা মা ও তিন মেয়েকে তড়িঘড়ি চাকুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। অবস্থার অবনতি হতে থাকায় পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় তাদের। সেখানেই মারা যান মা আতেনুর নেশা। অসুস্থ অবস্থায় তিন মেয়ের চিকিৎসা চলছে ইসলামপুর মহকুমা হাসপাতালে।